শনিবার, ১ অক্টোবর, ২০১৬


নানা স্বাদের বরফি

                   ডিমের বরফি
খুবই সুস্বাদু একটি খাবার ডিমের বরফি, বিশেষ করে তাদের কাছে যারা মিষ্টি খেতে একটু বেশিই ভালোবাসেন। খুব সহজেই তৈরী করতে পারেন প্রিয় ডিমের বরফি। উপকরণ: ডিম - ৪টি, ঘন দুধ - ১/৩ কাপ, চিনি - ১ কাপের একটু কম, ঘি - অর্ধেক কাপের একটু কম, দারুচিনি, এলাচ ও লবঙ্গ। প্রণালী: ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করুন। দুটো ভিন্ন পাত্রে খুব ভালোকরে সাদা অংশ ও কুসুমের অংশ ফেটুন। এবার একটি পাত্রে ঢেলে দুটো একসাথে ফেটুন। গরম ফ্রাইংপ্যান এ একে একে ঘি, চিনি, দারুচিনি, এলাচ, ডিম, ঘন দুধ ও সামান্য গোলাপ পানি দিন। ভালো করে নাড়ুন। নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন জাল কমিয়ে নাড়ুন। কিছুক্ষণ নেড়ে মিশ্রণটি নরম থাকতে থাকতেই একটি প্লেট এ ঢেলে ছড়িয়ে দিন। একটু ঠান্ডা হলে বরফির আকৃতিতে কাটুন। তৈরী হয়ে গেলো প্রিয় ডিমের বরফি।

নারকেলের বরফি

মিষ্টি খেতে কম বেশি সবাই ভালোবাসে। আর তা যদি হয় ঘরে তৈরী কোনো মিষ্টান্ন তাহলে তো কথাই নেই।ঘরে তৈরী মিষ্টির মধ্যে নারকেলের বরফি অতি পরিচিত ও সুস্বাদু একটি খাবার। উপকরণ: কোড়ানো নারকেল, চিনি ও গরম মশলা। প্রণালী: প্রথমে কোড়ানো নারকেল ভালোকরে বেটে মিহি করে নিন। এবার একটি গরম পাত্রে নারকেল ও চিনি দিন। ভালো করে নাড়ুন। যখন নারকেল ও চিনির পানি একটু শুকিয়ে আসবে তখন চুলার আঁচ কমিয়ে দিয়ে নাড়তে থাকুন। মনে রাখবেন কোনভাবে যেন নারকেল পুড়ে না যায় বা পাত্রে লেগে না যায়। কিছুক্ষণ নাড়ার পর গরম মশলা দিন। নারকেল ও চিনির মিশ্রন যখন খুব ভালোভাবে মাখা মাখা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে একটি পাত্রে তা পাতলা করে ছড়িয়ে দিনএবং উপরের অংশ সমান করে দিন। একটু ঠান্ডা হলে বরফির আকারে ছুরি দিয়ে কেটে নিন।তৈরী হয়ে গেলো মজার নারকেলের বরফি।

লাড্ড

লাড্ডু সচরাচর খুব কম খাওয়া হয়ে থাকে। অনেকের কাছে লাড্ডু মুখরোচক ও লোভনীয় একটি খাবার। আপনি বাড়িতে বসে সুস্বাদু লাড্ডু তৈরি করে আপনার পরিবারে পরিবেশন করতে পারেন। উপকরণ: নারকেল কুড়া, চিনি, এলাচ, ক্ষেয়ো ক্ষীর, কনডেন্সড মিল্ক, কিসমিস, কাজু বাদাম ও ভাজা তিল। প্রস্তুত প্রণালী: প্রথমে চুলায় পাত্র দিয়ে নারকেল কুড়া, পরিমান মত চিনি, এলাচ গুড়া, ক্ষোয়া ক্ষীর, কনডেন্সড মিল্ক, কিসমিস দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকুন। আঠা আঠা হয়ে এলে কাজু বাদাম দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে পাত্রটি চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন। এবার গোল গোল করে ভাজা তিল মাখিয়ে কিছুক্ষন রেখে দিন। তারপর লাড্ডু গুলো শক্ত হয়ে গেলে পরিবেশন করুন।

বরফি সেমাই

পবিত্র মাহে রমজান মাস আসলে রসনা বিলাসের সেই গল্পের কথা মনে পড়ে। বাংগালী তো এমনেই ভোজন বিলাসী - সকালে এই রান্না তো রাতে ঐ রান্না আর ইফতারের আইটেম এর কথা তো বাদই দিলাম। রোজার দিন ইফতারে হরেক রকমের আইটেম করা হয় তার মধ্যে মিষ্টি জাতীয় আইটেম কমন। সেমাই, পায়েস, হালুয়া, সন্দেশ ইত্যাদি আইটেম ইফতারের জন্য করা হয়। আপনি ইচ্ছা করলে এই সব আইটেম এর মধ্যে বরফি সেমাই বানিয়ে ইফতারে পরিবেশন করতে পারেন। উপকরণঃ লাচ্ছা সেমাই, ঘি, কনডেন্সড মিল্ক, চিনি, কিচমিচ, পেসতা বাদাম ও কাজু বাদাম। প্রস্তুত প্রণালীঃ প্রথমে কড়াইয়ে সামান্য ঘি দিয়ে লাচ্ছা সেমাই ছোট করে ভেঙ্গে লালচে করে ভেজে নিন। এবার ভাজা সেমাইয়ের মধ্যে পরিমান মত কনডেন্সড মিল্ক ও চিনি দিয়ে নাড়তে থাকুন। তারপর পরিমান মত কিসমিস, পেসতা বাদাম ও কাজু বাদাম দিয়ে ভাল করে নাড়তে থাকুন। সেমাই নাড়তে নাড়তে যখন আঠা আঠা হয়ে যাবে তখন বড় একটা পাত্রে ঢেলে আপনার ইচ্ছামত ডিজাইন করে কেটে ইফতারের সময় পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন